midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড ও শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারের দাম এবং লেনদেন অস্বাভাবিক ভাবে বাড়ছে। এর পেছনে নেই কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা। কেন শেয়ার দুইটি অস্বাভাবিক আচরণ করছে তা খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে সংস্থাটির সার্ভিলেন্স বিভাগ শেয়ার দুটির লেনদেন নজরদারিতে রেখেছে। তথ্য মতে, শেয়ারের মূল্য ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত ১১ জুন শ্যামপুর সুগার মিলস এবং ১৫ জুন সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়। কোম্পানি দুটির শেয়ার লেনদেন নিয়ে বিস্তারিত তদন্তের বিষয়টি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকেও (সিএসই) অবহিত করা হয়েছে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, সোনারগাঁও টেক্সটাইল ও শ্যামপুর সুগার মিলসের শেয়ার লেনদেনে কোনো সমন্বিত, কারসাজিমূলক বা অস্বাভাবিক (নন-জেনুইন) লেনদেন হয়েছে কি না, তা তদন্ত করা হবে। একইসঙ্গে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (ইউপিএসআই) ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং সংঘটিত হয়েছে কি না, সংশ্লিষ্ট ব্রোকার, ডিলার ও অনুমোদিত প্রতিনিধিরা মার্জিন রুলস এবং কমিশনের নির্দেশনা মেনেছেন কি না, সন্দেহজনক লেনদেন সংঘটনে বা প্রতিরোধে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা বা দায় রয়েছে কি না এবং সিকিউরিটিজ আইন সংশ্লিষ্ট অন্য কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘন ঘটেছে কি না তা খতিয়ে দেখা হবে এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আগামীর সময়কে বলেন, কোম্পানি দুটির শেয়ারের দামে অস্বাভাবিক বৃদ্ধি এবং লেনদেনে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। এ কারণে তাদের শেয়ারের লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিএসইসির সার্ভিল্যান্স বিভাগ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে ডিএসইকে শেয়ার দুটির দাম ও লেনদেন বাড়ার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত এক মাসে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গত ১০ মে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৩৩ টাকা ৫০ পয়সা। ৯ জুন তা বেড়ে দাঁড়ায় ৮৩ টাকা ৪০ পয়সায়। পরে রবিবার কিছুটা মূল্য সংশোধন হলেও সোমবার আবারও শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের অস্বাভাবিক আগ্রহ দেখা যায়। লেনদেন চলাকালে শেয়ারটির দাম আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৮৭ টাকা ৫০ পয়সায় উঠে যায়। ফলে এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫৪ টাকা বা ১৬১ দশমিক ১৯ শতাংশ। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলসের শেয়ারের দামও একই সময়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ১৯ মে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৩৮ টাকা ৯০ পয়সা। ৯ জুন তা বেড়ে দাঁড়ায় ২৩৮ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ১০০ টাকা বা প্রায় ৭২ শতাংশ। যদিও গত রোববার ও সোমবার শেয়ারটির দামে কিছুটা সংশোধন দেখা গেছে। এর আগে অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে সোনারগাঁও টেক্সটাইলকে গত ৩ ও ৪ জুন এবং শ্যামপুর সুগার মিলসকে ১০ জুন ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় ডিএসই ও সিএসই। জবাবে দুই কোম্পানিই জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই, যা শেয়ারের মূল্য বা লেনদেনে প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থান বা পরিচালনায়ও এমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি, যা এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে পারে।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
June 2026
Categories |